ডেমরা–কোনাপাড়ায় অসুস্থ পথকুকুর নিয়ে আতঙ্ক! এমপি বরাবর এলাকাবাসীর খোলা চিঠি!
ঢাকা-৫ আসনের কোনাপাড়া, ডেমরা, বাঁশেরপুল ও আশপাশের এলাকায় সম্প্রতি বেশ কিছু পথকুকুরের শরীরে মারাত্মক খোলা ঘা ও সংক্রমণ দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন এলাকাবাসী।
চিঠিতে উল্লেখ করা হয়, অসুস্থ কুকুরগুলো বাজার, গলি ও বসতিপূর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অনেক কুকুরের শরীর থেকে পুঁজ ও রক্ত ঝরছে, ফলে মাছির উপদ্রব বাড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে প্রাণীগুলোও চরম কষ্টে দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— দ্রুত ভেটেরিনারি টিম পাঠিয়ে অসুস্থ কুকুরগুলোকে চিকিৎসার আওতায় আনা, নিয়মিত স্ট্রিট ডগ হেলথ ক্যাম্প পরিচালনা, টিকাদান ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা এবং মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।
এছাড়া বাজার ও আবাসিক এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মাইকিং, পোস্টার ও নোটিশের মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যের নির্দেশনা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে এলাকাবাসীর বিশ্বাস। একই সঙ্গে প্রাণীকল্যাণ সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মো. ফয়জুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য রক্ষা এবং প্রাণীগুলোর কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”



আপনার মতামত লিখুন